ঢাকা, সোমবার, ২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এতে সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।


সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল ও কুতুবাইল এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে মিছিল নিয়ে শিবু মার্কেট এলাকায় আসেন। পরে তাঁরা লিংক রোডের উভয় পাশে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে প্রথমে সদর উপজেলার কুতুবাইল কাঠেরপুল এলাকায় শ্রমিকেরা জড়ো হন। পরে দুপুর ১২টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এ সময় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকেরা। একপর্যায়ে ওভারপাসসহ সড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।


শ্রমিকদের ভাষ্য, বর্তমান বাজারদরে তাঁদের বেতন দিয়ে সংসারের খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হলেও গত কয়েক বছর ধরে পোশাকশ্রমিকদের মজুরি বাড়েনি। এ পরিস্থিতিতে দাবি আদায়ে তাঁরা সড়কে নামতে বাধ্য হয়েছেন।


অবরোধের কারণে সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন পথচারী ও বাসযাত্রীরা। অনেকেই যানবাহন থেকে নেমে হেঁটে সড়ক পার হয়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। আবার অনেকে দীর্ঘ সময় গাড়ির ভেতরেই আটকে থাকেন।


নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে লিংক রোডের শিবু মার্কেট এলাকায় অবরোধ করেছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ads
ads
ads

Our Facebook Page

↑